মঙ্গলবার রাত থেকে কলকারখানাগুলোতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার। সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশ্বাস দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৈঠকে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ, সমস্যা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে বলে বৈঠকে জানানো হয়। ভবিষ্যতে এলএনজির সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ব্যবসায়ীরা জানান, শিল্প ও বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নীতিগত সহায়তা দেওয়ার পাশাপাশি বিনিয়োগ ও শিল্পায়ন বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে বৈঠকে দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়—এ বাস্তবতাও উঠে আসে। সরকার ধাপে ধাপে এসব সংকট মোকাবিলায় কাজ করছে বলে জানানো হয়।