নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিগত বছরের ন্যায় এ বছরও র্যাব ফোর্সেস কর্তৃক ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ এর পশুর হাটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। এপ্রেক্ষিতে র্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, মহোদয় ২৪ মে ২০২৬ তারিখে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
সাম্প্রতিক সময়ে ঈদ এর পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাব ফোর্সেসও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে এবং পশুর হাটসমূহে কন্ট্রোল রুম স্থাপন করেছে। এর পাশাপাশি সারা দেশে র্যাব নিম্নবর্ণিত কার্যক্রম পরিচালনা করছে। নিরাপদে গবাদি পশু হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ/গুরুত্বপূর্ণ এলাকা সমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় র্যাবের নিরাপত্তা চৌকির সংখ্যা ও টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব ফোর্সেস আশা করছে, পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে দেশের মানুষ ঈদের আনন্দে শামিল হবে। এ উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।