একাধিক বিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে ঢাকা গণপূর্ত সার্কেল-১ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) বদরুল আলম খানকে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বদরুল আলমকে ঢাকা গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে ঢাকা গণপূর্ত সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল, চলতি দায়িত্ব) ড. আবু নাসের চৌধুরীকে ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বদরুল আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন এক ব্যক্তি। অভিযোগটি মন্ত্রীর নজরে গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখতে গত এপ্রিল মাসে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে গণপূর্ত অধিদপ্তর। কমিটির আহ্বায়ক করা হয় অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমদ ও নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান।
অভিযোগের তদন্ত চলার মধ্যেই বদরুল আলমের একাধিক বিয়ে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। এর পরই তাকে ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।